আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর ধরে ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারও যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা। রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে, দেওয়া হবে ১৩ মার্চের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২০ মার্চ পর্যন্ত টিকিট বিক্রি হবে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
সূচি অনুযায়ী, ৩ মার্চ দেওয়া হবে ১৩ মার্চের অগ্রিম টিকিট, ৪ মার্চ দেওয়া হবে ১৪ মার্চের টিকিট, ৫ মার্চ দেওয়া হবে ১৫ মার্চের টিকিট, ৬ মার্চ দেওয়া হবে ১৬ মার্চের টিকিট, ৭ মার্চ দেওয়া হবে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ দেওয়া হবে ১৮ মার্চের টিকিট, ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট ও ১০ মার্চ দেওয়া হবে ২০ মার্চের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ট্রেনের অগ্রিম টিকিট সব অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকিট বিক্রি দুই অঞ্চলে ভাগ করে করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুরে।
এ ছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে বিভিন্ন রুটে এবার পাঁচ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।