দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি জেদ্দার পথে রওনা হন। তার এই সফরে সঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আগামীকাল জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সাধারণ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি ‘ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটি’র জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডের বর্তমান পরিস্থিতি এবং ইসরায়েলি কর্তৃপক্ষের সাম্প্রতিক আগ্রাসী সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনার লক্ষ্যে এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।
বৈঠকে বিশেষ করে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ওই অঞ্চলকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা করার মতো অবৈধ পদক্ষেপগুলোর বিরুদ্ধে মুসলিম দেশগুলোর অবস্থান সমন্বয় করা হবে।
এ ছাড়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে রুখতে সম্ভাব্য কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ফিলিস্তিনে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ওআইসির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের দাবির পক্ষে দৃঢ় অবস্থান বজায় রেখে আসছে। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মাধ্যমে সেই বার্তাই আবারও বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া হবে।