বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে সেই পদে পোশাক ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া ‘স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
এদিন দুপুরে চার বছর মেয়াদে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া গভর্নর আহসান এইচ মনসুরকে বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের পরপরই সরিয়ে দেওয়ার কারণ জানতে চাওয়া হলে আমির খসরু বলেন, এর বিশেষ কোনো কারণ নেই। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।