শস্য, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া সব কৃষি ঋণ সুদসহ মওকুফের ঘোষণা দিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন এবং মওকুফ হওয়া মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৫৫০ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে।
নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটল তার দল।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সচিব ব্যাখ্যা করেন, যদি কোনো কৃষক ১০ হাজার টাকা ঋণ নিয়ে থাকেন এবং সুদসহ বর্তমানে তার দায় ১৪ হাজার টাকা হয়, তাহলে তার পুরো পাওনা অর্থই মওকুফ করা হবে। অর্থাৎ কৃষককে আর একটি টাকাও পরিশোধ করতে হবে না।
সচিব মনে করিয়ে দেন, ১৯৯১-৯৬ মেয়াদে তৎকালীন খালেদা জিয়া সরকারের আমলেও কৃষকদের কল্যাণে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল মওকুফ করার নজির রয়েছে।
এবার সেই ধারাবাহিকতায় কৃষকদের আরও বড় পরিসরে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হলো।