ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির পর এবার প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দলটির একাধিক নেতা জানান, বগুড়া শহর জামায়াতের আমির ও দলটির কেন্দ্রীয় কর্ম-পরিষদের সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এর আগে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোহেল এ আসনের প্রার্থী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে পরাজিত হয়েছিলেন। বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে উপ-নির্বাচনে সোহেলকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।
এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপনির্বাচনে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১৫ মার্চ প্রতীক বরাদ্দ ও ৯ এপ্রিল ভোট গ্রহণ।
বগুড়া-৬ আসনে মোট ভোটার চার লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী দুই লাখ ৩০ হাজার ৩৭৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। এ ছাড়া পোস্টাল ভোটারের সংখ্যা তিন হাজার ৭৩৪ জন।