ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, যদি দল মনে করে ও আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচন করব। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটির নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘স্থানীয় সরকার নিয়ে সংসদে সিদ্ধান্ত হবে’। সবশেষে দলীয় মনোনয়ন কে পাবে এটা দল নির্ধারণ করবে। এখানে অনেক প্রক্রিয়া বাকি রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আমাদের প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল অস্বাভাবিক হারে ভোট পেয়েছে, মানে যেটা কল্পনার বাইরে। আমি আমার আসনের কথাই বলতে চাই, ১৯৯৬ সালে সেখানে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ৩০০০ ভোট এবং হাতপাখা তারা পেয়েছিলেন ৬০০০ ভোট। সরকারের কাছে এই ব্যাপারে আবেদন জানাব যে এটাকে আবার ভেরিফিকেশন করা উচিত। কারণ এই ভোটাররা কারা এবং ভোটার লিস্টটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা সংশোধনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুমের আগে মশক নিধন কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন স্থানে রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার কথা তুলে ধরেন তিনি।
ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত সংসদ সদস্য ও প্রশাসকদের নাগরিক সেবা দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন। দীর্ঘ সময় কার্যকর সরকার অনুপস্থিত থাকায় সেবা কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। নাগরিকদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।