শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন মরহুম নুরুজ্জামান বাদলের ভাই ও সাবেক সেনা কর্মকর্তা আলহাজ মো. মাসুদুর রহমান মাসুদ। রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। মাসুদুর রহমান মাসুদ শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা আইবিডব্লিউএফের সাংগঠনিক সম্পাদক।
মাওলানা হাফিজুর রহমান জানান, দলীয় শুরা সদস্যদের সিদ্ধান্ত, তৃণমূলের মতামত ও জেলা নেতাকর্মীদের পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে রোববার দুপুরেই তার মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি রাতে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। পরদিন ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ২৪ ফেব্রুয়ারি পুনরায় তফসিল ঘোষণা করা হয়। নতুন তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণের কথা রয়েছে।