পূর্বনির্ধারিত বগুড়া সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তার বগুড়ায় যাওয়ার কথা ছিল। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সোমবার (২ মার্চ) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপনির্বাচনকে সামনে রেখে সফরটি স্থগিত করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। তৌফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে।’
একই কথা বলেছেন প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব আতিকুর রহমান রোমন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্প থেকে ওই এলাকা আপাতত বাদ থাকবে। তবে অন্যান্য জায়গায় তা বহাল থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
রেজাউল করিম বাদশা বলেন, যেহেতু বগুড়া সদর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি হলে নির্বাচনী বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারে। প্রধানমন্ত্রী নিয়মের মধ্যে থাকতে চান বলেই সফর স্থগিত করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণে কবে আসবেন পরে জানাবেন।
এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে সফরে গিয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী।