দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। তার সঙ্গে দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলা আড়াইটার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করতে দেখা গেছে তাদের। ১০ মিনিটের মধ্যেই তারা পদত্যাগপত্র জমা দিয়ে বের হয়ে যান।
পদত্যাগপত্র জমা দিয়ে বের হয়ে যাওয়ার সময় কমিশনার মিঞা মহাম্মদ আলী আকবর আজিজী বলেন, কোনো চাপ নয়, নিয়মতান্ত্রিকভাবেই দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন।
প্রসঙ্গত, আবদুল মোমেন ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় যুগ্ম সচিব ছিলেন। পরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তাকে চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করে অন্তর্বর্তী সরকার। এরপর জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা পান তিনি।
২০২৪ সালের ১০ ডিসেম্বর আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। একইদিন দুই কমিশনারকেও নিয়োগ দেওয়া হয়।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রশাসনিক রদবদল আনা হচ্ছে। এর মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের তালিকায় এবার দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের নাম যুক্ত হলো।