বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে করা বাণিজ্য চুক্তিকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখছেন না। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাণিজ্যচুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে। এমনকি কোনো ধারা সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে চুক্তিতে।
তিনি বলেন, চুক্তির অনেকগুলো ধারা রয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখতে পারে। তবে বাণিজ্য চুক্তিতে খারাপ কিছু দেখলে তা সরকারকে দেখিয়ে দিতে হবে। চুক্তির কোনো ধারা খারাপ মনে হলে তা নিয়ে দরকষাকষির সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাড়তি শুল্ক নিয়ে রায় দিয়েছে। এ অবস্থায় বাড়তি শুল্কের বিষয়টি বিকাশমান। নন-ট্যারিফ কিছু বাধা আছে বাংলাদেশে। তবে এই বাধা সরাতে পারলে দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আসবে। বাংলাদেশ এসব বাধা দূর করার বিষয়ে আশ্বস্ত করেছে।
এদিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী জানান, নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী মার্কিন সরকার।
মার্কিন বিনিয়োগের ক্ষেত্রে নন-ট্যারিফ বাধাগুলো দূর করতে পল কাপুর নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তবে বাণিজ্য চুক্তির বিষয়ে তার সঙ্গে আজ কথা হয়নি।