প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে বড় পরিবর্তন এনেছে সরকার। বর্তমান রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী এখন থেকে নির্দিষ্ট দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার ভূমিকাও পালন করবেন।
বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদকে তার বর্তমান পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দিয়েছে সরকার।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এই নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এছাড়া, রুলস অব বিজনেসের ক্ষমতাবলে আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন এই বিন্যাসে মো. শরিফুল আলমকে বস্ত্র ও পাট, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ, এবং হাবিবুর রশিদকে রেলপথ ও সড়ক পরিবহন বিভাগ, মো. রাজিব আহসান নৌপরিবহন ও সেতু বিভাগ, মো. জোনায়েদ সাকি পরিকল্পনা মন্ত্রণালয়, ফারজানা শারমীন সমাজকল্যাণ, মো. নুরুল হক প্রবাসী কল্যাণ এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একক দায়িত্ব দেওয়া হয়েছে।