আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ। শনিবার (৭ মার্চ) পাওয়া যাচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট।
প্রতিবারের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট পর্যন্ত কিনতে পারবেন। তবে এসব টিকিট রিফান্ড করা হবে না।