ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম- মধ্যপ্রাচ্যের এই চার রুটে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
বোসরা ইসলাম জানান, পরে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট পুনরায় চালু করা হতে পারে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথা সময়ে জানিয়ে দেওয়া হবে।
এদিকে বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে বিমানের কলসেন্টার: ১৩৬৩৬ (দেশের ভেতর) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ দিন ধরে ইরানে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। দেশটি ইসরায়েলে হামলা চালানোসহ ধ্বংস করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিও। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে যেমন অস্তিরতা বিরাজ করছে, তেমনই অস্থিরতা বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিতেও।