গণমাধ্যমের স্বাধীনতাই সরকারের প্রত্যাশা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার চায় সংবাদমাধ্যম সমাজের নানা অসঙ্গতি তুলে ধরুক, জনগণের সমস্যা ও সম্ভাবনার কথা সামনে আনুক ও দায়িত্বশীলতার সঙ্গে তথ্য পরিবেশন করুক।
সোমবার (৯ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই সরকার সবসময় চায় সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক ও জনগণের কল্যাণে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করুক। তবে সেই স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হবে।
তিনি জানান, সাংবাদিকদের নিয়ে নতুন করে কোনো নীতিমালা প্রণয়নের প্রয়োজন হলে তা সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে করা হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও গণমাধ্যমের নাম ব্যবহার করে অপকর্মের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, কেউ যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণা বা অপপ্রচার চালায়, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারবেন। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।
সভায় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ ও যানজট নিরসনের বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
ময়মনসিংহ শহরের যানজট সমস্যা সম্পর্কে তিনি বলেন, শহরের যানজটের মূল কারণ রাস্তার সংকট নয়, বরং সঠিক ব্যবস্থাপনার অভাব। অবৈধ স্থাপনা, ফুটপাত দখল ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে এ সমস্যা বাড়ছে। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, শহরের যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণ ও ব্যবসায়ীদেরও সহযোগিতা করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সুশৃঙ্খল নগরব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে। কোথাও জ্বালানি তেলের সংকট দেখা দিলে তা দ্রুত নজরদারির আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন। এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের এমপি জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের এমপি কামরুল হাসান মিলন ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের এমপি মো. আক্তারুজ্জামান বাচ্চু।
এ ছাড়া সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।