মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান। তাকে শপথ পাঠ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা পৌনে একটার দিকে তিনি শপথ নেন। এর আগে মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এক লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল (হরিণ প্রতীক) পেয়েছেন ৭৬ হাজার ৪৪৮ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত শপথ অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
স্বাভাবিকভাবে এই দুজন আর মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে পারবেন না। এর ফলে অ্যাডভোকেট আহমেদ আযম খানকে নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছে সরকার।
এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।