জাতীয় সংসদের শোক প্রস্তাবে শহীদ ওসমান হাদি, বুয়েট ছাত্র আবরার ফাহাদ ও সীমান্তে নিহত ফেলানীর নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই তিনজনের ঘটনা বাংলাদেশের জনগণের মনে গভীর প্রভাব ফেলেছে এবং তারা অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন। দেশের বিভিন্ন সময়ে আলোচিত এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের স্মরণ করা উচিত। তাই জাতীয় সংসদের শোক প্রস্তাবে তাদের নাম যুক্ত করা হলে তা জাতির পক্ষ থেকে যথাযথ সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
তিনি বলেন, দেশের ইতিহাসে যেসব মানুষ অন্যায়, বৈষম্য ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের স্মরণ করা রাষ্ট্র ও জাতির দায়িত্ব। আবরার ফাহাদ ও ফেলানী খাতুনের মর্মান্তিক ঘটনাও দীর্ঘদিন ধরে জনমনে আলোচনার বিষয় হয়ে আছে এবং তা দেশের সার্বভৌমত্ব ও মানবিক মর্যাদার প্রশ্নকে সামনে এনেছে।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান। তাই সেখানে গৃহীত শোক প্রস্তাবে এমন ব্যক্তিদের স্মরণ করা হলে তা নতুন প্রজন্মকে ইতিহাস ও ন্যায়বিচারের সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেবে।
বিরোধীদলীয় এই নেতা আশা প্রকাশ করেন, বিষয়টি সংসদে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং শোক প্রস্তাবে এই তিনজনের নাম অন্তর্ভুক্ত করে জাতির পক্ষ থেকে তাদের প্রতি সম্মান জানানো হবে।