মালদ্বীপের ধিগুরাহ দ্বীপে এক নির্মাণাধীন প্রতিষ্ঠানের শ্রমিক ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ শুক্রবার (১৩ মার্চ) দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, শফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতদের মধ্যে রয়েছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শুক্রবার ভোরে সেহরির জন্য খাবার তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে। ওই শ্রমিক ক্যাম্পে মোট ৩৮ জন বাংলাদেশি অবস্থান করছিলেন। বিস্ফোরণে সাতজন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পাঁচ বাংলাদেশিকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য বাকি দুই দগ্ধ শ্রমিককে পরে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়।
শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ জানান, ওই দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অন্যজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।