বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী সেচব্যবস্থা উন্নয়ন ও কৃষি অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী একযোগে ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
রোববার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সোমবার সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি দিনাজপুরের কাহারোলের উদ্দেশ্যে রওনা হবেন।
এর আগে শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছিলেন যে, ১৬ মার্চ দিনাজপুর থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে।
দিনাজপুর সফরকালে প্রধানমন্ত্রী কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার দীর্ঘ একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এই উদ্বোধনের মধ্য দিয়ে একযোগে সারা দেশে ৫৩টি খাল খনন কার্যক্রম শুরু হবে। পরে সেখানে আয়োজিত এক জনসমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।
জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কালেন অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। সেসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এই মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি মূলত বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির একটি বড় অংশ।
শুক্রবার (১৩ মার্চ) প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন শেষে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘কাহারোলের সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে সরাসরি প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে বর্ষা মৌসুমে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা মিলবে এবং শুষ্ক মৌসুমে কৃষকরা নিরবচ্ছিন্ন সেচ সুবিধা পাবেন।’
মন্ত্রী আরও জানান, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বয়ে এই বিশাল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। খালের পাড় রক্ষা, টেকসই বাঁধ নির্মাণ ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিও এর অন্তর্ভুক্ত থাকবে। খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।