পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপরিবহন চলাচল সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিশেষ প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বর দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৬ মার্চ) এ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
এতে বলা হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নির্দিষ্ট কয়েক দিন মহাসড়কে ভারী পণ্যবাহী যান চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগের ৩ দিন এবং পরবর্তী ৩ দিন অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে পার্কিং করা যাবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।
যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন রাখার জন্য যে কোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের হটলাইন নম্বর ১৬১০৭। মোবাইল নম্বর- ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।