খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন। মাদারীপুরে পাঠানো হয়েছে মাগুরার বর্তমান পুলিশ সুপার হাবিবুর রহমানকে। আর সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মাদারীপুরের বর্তমান পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে খাগড়াছড়িতে বদলির আদেশপ্রাপ্ত ডিএমপির উপপুলিশ কমিশনার মোস্তাক সরকারের বদলির আদেশ বাতিল করা হয়েছে।