পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাত্রা সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিশেষ প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বরও দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৬ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের আগের তিন দিন এবং পরবর্তী তিন দিন, অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে পার্কিং করা যাবে না।
তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে বিআরটিএ।
যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন রাখার নিমিত্ত যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের হটলাইন নম্বর ১৬১০৭। মোবাইল নম্বর- ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।