সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে বুধবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে তিনি এ কথা বলেন। একই সঙ্গে জ্বালানির কোনো সংকট নেই বলেও জানান মন্ত্রী।
শেখ রবিউল আলম আরও বলেন, ‘সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ আমরা পাইনি। রাস্তায় কোনো ধরনের যানজট নেই।’
সড়কমন্ত্রী বলেন, ‘সবাই এখানে নির্ধারিত ভাড়া নিচ্ছে। কয়েকটি পরিবহন ২০-৩০ টাকা কমও নিচ্ছে। এখানে পুলিশ বুথ আছে, কেউ বাড়তি ভাড়ার অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসগুলোও যথাসময়ে ছেড়ে যাচ্ছে, কোনো ভোগান্তি এখন পর্যন্ত নেই।’
তিনি আরও বলেন, ‘সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে। যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন এবং কোথাও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।’
এ ছাড়া জ্বালানি তেল নিয়ে মন্ত্রী বলেন, ‘১৫ তারিখ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। যমুনা সেতু দিয়ে গতকাল ৩২ হাজার গাড়ি বেশি গিয়েছে। তারা তেল পেয়েছে বলেই তো যেতে পারছে। কেউ না পেলে অভিযোগ করতে পারবে। গণপরিবহনে ফুয়েল ঘাটতি নেই।’
যাত্রীদের মাঝপথ থেকে বাসে না ওঠার আহ্বান জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ‘মাঝপথ থেকে উঠে গেলে আমাদের মনিটরিং করতে অসুবিধা হয়। অভিযোগ যেগুলো পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি। যেগুলো এখন অ্যাকশন নিতে পারছি না, ঈদের পরে অ্যাকশন হবে...যারা ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেছে।’