পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটি চললেও এই সময়েও রাজধানীর গুলশানের নিজ বাসা থেকেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ জানিয়েছেন, গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে অবস্থান করেই দেশের বিভিন্ন চলমান কর্মসূচি ও সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন সরকারপ্রধান। বিশেষ করে খাল খনন কর্মসূচি, ঈদযাত্রায় সড়কের অবস্থা এবং সিটি করপোরেশনগুলোর কার্যক্রম নিয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন তিনি।
সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি জানতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে সরাসরি কথা বলছেন প্রধানমন্ত্রী। খাল খনন কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে কি না, মাঠপর্যায়ে তদারকি যথাযথ হচ্ছে কি না—এসব বিষয়েও বিস্তারিত তথ্য নিচ্ছেন।
এছাড়া নগর ব্যবস্থাপনা সচল রাখতে সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। রাজধানীসহ বড় শহরগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন।
এছাড়া নগর ব্যবস্থাপনা সচল রাখতে সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। রাজধানীসহ বড় শহরগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সড়ক পরিস্থিতি সম্পর্কেও খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলে তিনি যাত্রীসাধারণের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন বলেও জানান সুজন মাহমুদ।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। তবে ছুটির শুরুতেই একদিন সচিবালয়ে গিয়ে অফিস কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী। একই দিনে ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও সভাপতিত্ব করেন তিনি।