পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ মার্চ) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সভায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে। চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতেই নির্ধারণ করা হবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ।
এদিকে, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
চাঁদ দেখার তথ্য সরাসরি জানাতে কয়েকটি নির্দিষ্ট টেলিফোন নম্বর চালু রাখা হয়েছে। নম্বরগুলো হলো, ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।
পাশাপাশি, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও চাঁদ দেখার সংবাদ জানানো যাবে বলে জানানো হয়েছে।