পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সম্প্রীতি ও মানবিকতার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে দেওয়া এক বাণীতে তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। রমজান সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা মানুষের মধ্যে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। ঈদের মূল তাৎপর্য হলো এই শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করা।
প্রধানমন্ত্রী সবাইকে ধনী-গরিব ভেদাভেদ ভুলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। তিনি আশা করেন, ঈদুল ফিতর জাতীয় ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
তার দেওয়া বাণীতে তিনি মহান আল্লাহর কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ প্রার্থনা করেন।