রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ একসঙ্গে আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়। এতে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সচিবসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ জামাতে অংশ নিয়েছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে পৌঁছান। এসময় পুরো এলাকা জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করেন।
এক মাসের রোজা শেষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি মিলিত হয়েছেন জাতীয় ঈদগাহে।
ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী। ঢাকা সিটি করপোরেশনের আয়োজনে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দূর-দূরান্ত থেকে সব বয়সীরা ছুটে আসেন ঈদগাহ ময়দানে। সবার গায়ে নতুন পাঞ্জাবি, মাথায় টুপি। অনেককে হাতে জায়নামাজ আর পানির বোতল নিয়ে আসতেও দেখা গেছে। শিশু-কিশোররাও এসেছে তাদের অভিভাবকদের সঙ্গে। হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠে প্রবেশ করেছে।
পুলিশ আগেই জানিয়েছিল, জায়নামাজ আর ওয়ালেট ছাড়া সঙ্গে কিছু আনা যাবে না। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির লক্ষণ আভাস থাকায় অনেকেই হাতে ছাতা নিয়ে বেরিয়েছেন।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করা হয় বিশেষ মোনাজাত।
মোনাজাত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। পরে তারা নিজ নিজ বাসভবনের উদ্দেশে ঈদগাহ ত্যাগ করেন।
এদিকে নামাজ শেষে সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশি-বিদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে এই প্রথম ঈদ উদযাপন করছেন তারেক রহমান। গত ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদযাপন করেছেন।