পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজে মুসল্লিদের ঢল নেমেছে। শনিবার (২১ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা মসজিদমুখী হন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে একের পর এক জামাতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার আগেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। সকাল ৭টা ২৬ মিনিটে মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই জামাত।
প্রথম জামাত শেষ হওয়ার আগেই দ্বিতীয় জামাতে অংশ নিতে বিপুল সংখ্যক মুসল্লি অপেক্ষা করতে থাকেন। পরে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়, এতে ইমামতি করেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। এরপর সকাল ৯টায় তৃতীয় এবং সকাল ১০টায় চতুর্থ জামাত সম্পন্ন হয়।
তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন এবং চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী ইমামতি করেন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া বিকল্প ইমাম হিসেবে মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।
ঈদের জামাতে আসা মুসল্লিরা বলেছেন, ঈদের এই বৃহৎ জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের উপস্থিতি রাজধানীর অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্রটিকে পরিণত করেছে এক মিলনমেলায়, যেখানে ভ্রাতৃত্ব, সংহতি ও আধ্যাত্মিকতার এক অনন্য আবহ বিরাজ করছে।
প্রথম জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি রমজানের রোজা ও অন্যান্য ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়। মৃত আত্মীয়-স্বজনদের মাগফিরাত কামনার পাশাপাশি নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে গিয়ে অনেক মুসল্লিকে অশ্রুসিক্ত হতে দেখা যায়।