পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বাবা মায়ের কবরে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি মাজারে যান। সেখানে তিনি ফুলেল শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপির সিনিয়র নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এর আগে দিনের শুরুতে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এক সঙ্গে ঈদের জামায়াতে অংশ নেন। এ সময়ে ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এর পরে যমুনায় প্রধানমন্ত্রী সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন দেশের কুটনীতিকরা, নানা শ্রেণী পেশার সাধারণ জনগণ এবং দলীয় আমন্ত্রিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দেড় দশক পর দেশে ঈদ উদযাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৭ বছর তিনি লন্ডনে অবস্থান করে ঈদ পালন করেছেন।