ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (সোমবার)। টানা সাত দিন ছুটির পর আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। আবারও কর্মচঞ্চল হবে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর।
ইতোমধ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে পরিবার-পরিজন নিয়ে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, ভোর ৪টা ৪০ মিনিট থেকে সকাল আটটা পর্যন্ত কিছুটা বিলম্বে ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায়। ঈদে ঢাকা ছাড়ার মতো ফেরাটাও নিরাপদ করা হচ্ছে। দু’একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কোনও ভোগান্তি নেই।
শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি। টানা সাত দিন ঈদের ছুটি শেষে মঙ্গলবার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা।
তবে ঈদের পর অফিস খোলার একদিন পর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি আছে। তাই সরকারি-বেসরকারি অনেকে কর্মজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ২৬ মার্চের পর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি। সব মিলিয়ে অনেকে ১৭ মার্চ থেকে ২৯ মার্চ ছুটি কাটিয়ে অফিসে যোগ দেবেন।
ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে এ সপ্তাহ কেটে যাবে। আগামী সপ্তাহে স্বাভাবিক রূপে ফিরবে রাজধানী।
আগের বছরগুলোতে দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ার তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকপাড়ায়ও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ছুটি কাটাচ্ছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সেই ছুটি আজ শেষ হওয়ায় আগামীকাল থেকে সংবাদমাধ্যগুলোও আবার সরব হয়ে উঠবে।