সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের নামে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) তার বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঞা এই সাধারণ ডায়েরি করেন।
প্রসঙ্গত, আসিফ আকবর গত বছরের অক্টোবরে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
ইদানীং আসিফ আকবর বেশি আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর তোড়জোড়কে কেন্দ্র করে। সাকিবকে বাংলাদেশে ফিরিয়ে খেলানোর ব্যবস্থা করতে দৌঁড়ঝাপ করছেন তিনি। সম্প্রতি, সাকিবের জন্মদিন উপলক্ষে লন্ডনে একসঙ্গে কেক কেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি।
এর আগে গত ৯ মার্চ অন্য একটি মামলায় খালাস পান আসিফ আকবর। তবে সর্বশেষ এই জিডির ফলে নতুন করে সংকটে পড়েছেন এই সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক।
তবে জিডির বিস্তারিত বিবরণ বা অর্থ আত্মসাতের ধরন সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রমনা থানা পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।