বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনি এলাকার নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন নির্বাচনি এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী কর্তৃক স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনি এলাকার নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে বগুড়া-৬ সংসদীয় আসনের রিটানিং অফিসার মো. ফজলুল করিম বলেন, এই আসনের উপ-নির্বাচনে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি আরও বলেন, এই আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবিদুর রহমান নির্বাচন করছেন। এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীক নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
মো. ফজলুল করিম বলেন, এই আসনে নির্বাচনের পরিবেশ খুবই ভালো আছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুটো আসনের সদস্য থাকার বিধান না থাকায়, ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি।
এরপর এই আসনটিকে শূন্য ঘোষণা করে, নতুন করে তফসিল ঘোষণা করে ইসি।
শেরপুর-৩ আসনের রিটানিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এই আসনের সাধারণ নির্বাচনে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি আরও বলেন, বিএনপি মনোনিত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একজন প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল ঘোষণা করে ইসি। পরবর্তীতে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়।