স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিধান অনুযায়ী দেশে জুলাই অভ্যুত্থানকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (৩০ মার্চ) সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল এবং পরে তা সংসদে উপস্থাপন করা হয়। তিনি বলেন, বর্তমান সরকার এটিকে আনুষ্ঠানিক বিল হিসেবে পাস করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা দখলদার বাহিনীর মতো আচরণ করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল ও সহিংসতা ঘটিয়েছিল, তারা জনগণের প্রতিরোধের মুখে পড়ে। এ সংঘর্ষে কেউ নিহত ও কেউ আহত হন। এই সব ঘটনাকে তিনি ‘যুদ্ধক্ষেত্রের সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেন।
তিনি পুনর্ব্যক্ত করে বলেন, এই অধ্যাদেশে জুলাই যোদ্ধাদের সুরক্ষা প্রদান করা হয়েছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ইতোমধ্যেই দুটি রায় দেওয়া হয়েছে। এই সহযোগীদের মধ্যে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন। এ সব বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় মন্ত্রী জোর দিয়ে বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং সরকার কোনো বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, এ দেশে সংঘটিত গুম, খুন, হত্যা ও গণহত্যার সব ঘটনার বিচার নিশ্চিত করা হবে।’
প্রশ্নোত্তর পর্বে রংপুর থেকে নির্বাচিত এনসিপি দলের সংসদ সদস্য আখতার হোসেন গত ১৬ বছরে পুলিশের অসদাচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় তিনি অভিযোগ করেন, বিশেষ করে জুলাই মাসে কিছু পুলিশ কর্মকর্তা আইনের বাইরে গিয়ে নিজ উদ্যোগেই হত্যা ও নির্যাতনের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আখতার হোসেন জানতে চান, বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি এ ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগীয় ব্যবস্থা নেবে কি না।