মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এদিকে, আগামী রোববার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, শুক্রবার (৩ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সব মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোকসজ্জা বন্ধা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আর শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী রোববার। শিক্ষাখাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।