এ বছর পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী জানান, ‘সরকার ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয়, তা সৌজন্যমূলক। এবার পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।’
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘ইলিশ সম্পদ সংরক্ষণ ও বাড়াতে মঙ্গলবার থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ শুরু হচ্ছে। এটি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০ টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে।’
তিনি আরও বলেন, ‘সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। সাধারণ মানুষের নাগালে ইলিশের দাম চলে আসবে। সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে।’