গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্তার পাটোয়ারী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে পুলিশি অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ছাত্তার পাটোয়ারী দ্রুত তার ভাই বক্কর পাটোয়ারীর বাড়ির একটি ঘরের ছাদে আত্মগোপন করেন। পরে উপজেলার বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ তাকে সেখান থেকে নামিয়ে আটক করে থানায় নিয়ে যায়।
শিশুটির পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বাড়ির পাশে ৩-৪ জন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ৬ বছরের এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নেন। পরে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়।
পরে স্বজন ও স্থানীয়রা ছাত্তারকে আটকের চেষ্টা করলে তিনি দ্রুত তার ভাইয়ের বাড়ির ছাদে আত্মগোপন করেন। খবর পেয়ে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, ছাত্তার পাটোয়ারীকে থানায় আনা হয়েছে। শিশুটিকেও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।