স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। মন্ত্রিপরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের পরিবর্তে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন করে তারিখ নির্ধারিত হলেও এই অনুষ্ঠানের জন্য নতুন করে কোনো আমন্ত্রণপত্র ইস্যু করা হবে না। ৯ এপ্রিলের অনুষ্ঠানের জন্য আগে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, সেটি প্রদর্শন করেই ১৬ এপ্রিলের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর সরকার এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে থাকে। এ বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এর জন্য মনোনীত করা হয়েছে।