দেশে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে হাম নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠছে সরকার। হামের টিকা নিয়ে কোনো সংকট নেই।
সংসদে দেওয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ হামের টিকা গ্যাভির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। মজুতও রয়েছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফের মাধ্যমে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে ২০০ কোটি টাকার টিকা ইতোমধ্যে ক্রয় করা হয়েছে।
তবে বর্তমান সরকার হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি, বরিশাল সিটি করপোরেশন এলাকায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। আর ৩ মে থেকে সারাদেশে এই টিকা কার্যক্রম শুরু হবে।