বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ। তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকি না থাকলেও যে কোনো ধরনের নাশকতামূলক হামলা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে র্যাব স্পেশাল কমান্ডো ফোর্স।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারাদেশে ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে।
তিনি বলেন, নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত র্যাব সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ মোট ৩০৮টি টহল টিম মাঠে থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল— শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় চেকপোস্ট, অবজারভেশন পোস্ট স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
র্যাব ডিজি আরও বলেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড এরই মধ্যে সুইপিং কার্যক্রম পরিচালনা করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো ধরনের নাশকতামূলক হামলার মোকাবিলায় র্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া সারাদেশে কন্ট্রোল রুম, ফুট পেট্রোল, সিসিটিভি মনিটরিং এবং পর্যাপ্ত রিজার্ভ ফোর্স রাখা হয়েছে।