সারাদেশের তাপমাত্রা নিয়ে স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া বৃষ্টিপাত সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ২০ ডিগ্রি সেলসিয়াস। আর ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ময়ময়নসিংহে ৪৬ মিলিমিটার।
এদিকে ঢাকায় বুধবার বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় পশ্চিম ও উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এ ছাড়া ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। ঢাকায় এদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সূর্যাস্ত হয়ে আবার সূর্য উঠবে ভোর ৫টা ৩৬ মিনিটে।