তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।
আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এই ফোরাম অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী।
ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন খলিলুর রহমান। এ ছাড়া পাকিস্তান, গাম্বিয়াসহ ফোরামে অংশ নেওয়া কয়েকটি দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।
জানা যায়, তিন দিনব্যাপী এ ফোরামে অংশগ্রহণ শেষে পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামের ব্রাসেলসে যাবেন, যেখানে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন’ বিষয়ক ফ্রেমওয়ার্ক চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।
এরপর দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন এবং আগামী ২৪ এপ্রিল দেশে ফিরবেন।