প্রধানমন্ত্রী তারেক রহমান ২ মে সিলেটের বাসিয়া নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় তিনি বলেন, ‘একসময় বাসিয়া নদী সুরমা ও মেঘনা নদীর সঙ্গে সংযুক্ত ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় দু-বার এ এলাকায় এসেছিলেন এবং বাসিয়া নদী খনন কার্যক্রমের সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় নদীটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।’
শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ এলাকায় বাসিয়া নদী পরিদর্শনকালে তিনি এ কথা জানান। পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পানি সম্পদমন্ত্রী বলেন, ‘বাসিয়া নদীর আশপাশে প্রায় পাঁচ হাজার হেক্টর জমি রয়েছে। নদীটি পুনঃখননের মাধ্যমে কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় মানুষ বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি থেকে উপকৃত হবে।’
মন্ত্রী জানান, দেশের স্বার্থে বর্তমান সরকার নদী, খাল, বিল এবং জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কার্যক্রম স্কেভেটর এবং শ্রমিক, দুই পদ্ধতিতেই পরিচালিত হবে। তিনি খাল-নদী খনন কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।