যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি ‘ব্যবসা-বাণিজ্যের জন্য সম্পূর্ণ উন্মুক্ত’ থাকলেও ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির ওপর নৌ-অবরোধ অব্যাহত থাকবে।
শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘হরমুজ প্রণালি ব্যবসা-বাণিজ্য এবং চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত ও প্রস্তুত। তবে ইরানের সঙ্গে আমাদের চুক্তি শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।’
ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার ইরানের ঘোষণার পরই ট্রাম্প এই মন্তব্য করলেন।
এর আগে এদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির 'বাকি সময়ের' জন্য হরমুজ প্রণালিকে ‘সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা’ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘লেবাননে কার্যকর থাকা যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো। তবে জাহাজগুলোকে ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার পূর্বঘোষিত সমন্বিত রুট অনুসরণ করতে হবে।’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স