ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ প্রণালিকে ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করলেও পারস্য উপসাগরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলো এই মুহূর্তে এই পথ পাড়ি দিতে খুব একটা তাড়াহুড়ো দেখাচ্ছে না। প্রাথমিক বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, শিপিং কোম্পানিগুলো এখনো নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি তেল ও গ্যাস ট্যাংকার অপারেটর জানায়, ইরানের এই বিবৃতিতে আপাতত তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তারা বলছে, ‘আমরা কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না। আমাদের কোম্পানির সিদ্ধান্ত হলো, আমরাই সবার আগে এই প্রণালি দিয়ে যাওয়ার ঝুঁকি নেব না।’
অন্যদিকে, এই অঞ্চলে তেল ট্যাংকার পরিচালনাকারী অন্যতম বড় প্রতিষ্ঠান স্টেনা বাল্ক জানায়, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। প্রতিষ্ঠানটি বলছে, ‘আমাদের ক্রু এবং জাহাজের নিরাপত্তাই রুট নির্ধারণের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয়। যতক্ষণ পর্যন্ত আমরা এটি চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চিত না হতে পারছি, ততক্ষণ আমরা এই প্রণালি দিয়ে যাতায়াত করব না।’