দীর্ঘসময় ওয়াকআউট করলে সংসদ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউজে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, ‘সংসদে ওয়াকআউট বিরোধীদলের অধিকার, এটি একটি রাজনৈতিক চর্চা। কিন্তু দীর্ঘসময় সংসদ বয়কট করলে সংসদ ক্ষতিগ্রস্ত হবে, জনগণ অধিকার হারাবে।’ এ সময় কারণে-অকারণে সংসদ ওয়াকআউট না করতে বিরোধীদলকে আহ্বান জানিয়ে সরকারি দলকে বিরোধীদলের সঙ্গে সমঝোতার চেষ্টা করার কথাও বলেন তিনি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘স্বৈরশাসকের বিরুদ্ধে যারা একত্রে আন্দোলন করেছে, তারা যেন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখে। নয়তো বিদেশে যারা পালিয়ে আছে তারা ফিরে এসে দুঃশাসন কায়েম করবে।’
তিনি বলেন, ‘আমাদের জাতীয় জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল বিগত ১৬ বছর। নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। গণতন্ত্র-মানবাধিকার তারা ঝেঁটিয়ে বিদায় করেছে। অবশেষে ছাত্রজনতার আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আমরা আশা করব আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না।’
স্পিকার আরও বলেন, ‘কোনো দল গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করবে না। সাধারণ মানুষের অধিকার যেন সবসময় প্রতিষ্ঠিত থাকে, গণতন্ত্র যেন বিরাজমান থাকে। মানুষ যেন তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে, স্বৈরশাসন যেন ফিরে না আসে, সেজন্য সব দলের ঐকমত্য থাকবে।’