ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদীকে-কে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সাবেক এই সংসদ সদস্য ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন। তিনি এর আগে রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন একজন নেতাকে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া ভারতের প্রচলিত কূটনীতিক রীতি বহির্ভূত একটি পদক্ষেপ। এর আগে সাধারণত ভারতীয় ফরেন সার্ভিস কর্মকর্তাদেরই এ ধরনের দায়িত্ব দেওয়া হত।
বিশ্লেষকদের ধারণা, এই নিয়োগের মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি। বিশেষ করে সংবেদনশীল ইস্যুতে রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ জোরদারের দিকেই গুরুত্ব দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের সঙ্গে সংযোগ ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে ত্রিবেদী ভারত-বাংলাদেশ অঞ্চলের বিষয়গুলো আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত ১০ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দুই দেশের সম্পর্ক ধীরে হলেও ‘নিশ্চিতভাবে’ এগোবে।
তিনি জানান, নয়াদিল্লি ও ঢাকা নতুন করে শুরু করছে না, বরং অভিন্ন নদী, সীমান্ত ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক থেকেই এগিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: এনডিটিভি