বাংলাদেশে থাকা দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালের মধ্যে একটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাসের সরবরাহ হ্রাসের ফলে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ঢাকা দক্ষিণসহ সমগ্র তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় স্বল্পচাপ বিরাজ করবে। এ পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং তা পুনরায় গ্যাসে রূপান্তরের (রিগ্যাসিফিকেশন) জন্য বাংলাদেশে দুটি এফএসআরইউ পরিচালিত হয়, যা দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ইউনিট বিকল হয়ে যাওয়ার অর্থ হলো দৈনিক গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পাওয়া।