প্রাথমিকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, বুধবার প্রায় ১৬ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৪ হাজার ১২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কাগজে-কলমে অনেক বেশি থাকলেও বাস্তবের সঙ্গে তার অমিল রয়েছে।
অতীতে বিদ্যুৎ নিয়ে হওয়া নানা অব্যবস্থাপনার কারণেই এখন বিদ্যুৎ নিয়ে সমস্যা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
লোডশেডিংয়ে মানুষের কষ্টের কারণে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেছেন, আজ যে রকম প্রায় ২ হাজার মেগাওয়াট লোডশেডিং দেখা যাচ্ছে বা যে কষ্ট স্বীকার করতে হচ্ছে, এটি আগামী সাত দিনের মধ্যে কমে যাবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এই উত্তপ্ত গরমে অনেককেই বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হতে হয়েছে। এই সমস্যা এক দিনের নয়। এই পুঞ্জীভূত সমস্যার দায় কোনোভাবেই বর্তমান নির্বাচিত সরকার কিংবা কারও নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার দায় সবাইকে নিতে হচ্ছে।’