দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন দুদিন বন্ধ থাকার পর ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। শুক্রবার রাত ৮টা থেকে প্রথম ইউনিট থেকে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এর জন্য দৈনিক ৭০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল রাত ১০টার দিকে হঠাৎ করেই কেন্দ্রের প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। মূলত কয়লার সঙ্গে পাথর চলে আসার কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, যার ফলে কর্তৃপক্ষ উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয়। তবে প্রকৌশলীদের নিবিড় তদারকিতে দ্রুততম সময়ের মধ্যে ত্রুটি কাটিয়ে শুক্রবার রাতে আবারও ইউনিটটি চালু করা সম্ভব হয়।
কেন্দ্রের প্রথম ইউনিটটি উৎপাদনে ফিরে আসায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের ৮টি জেলায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিংয়ের মাত্রা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সরবরাহ করা কয়লার ওপর ভিত্তি করেই এই ৫২৫ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরিচালিত হয়। তবে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। বন্ধ হওয়ার আগে এই ইউনিটটি থেকে প্রায় ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত।
প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রথম ইউনিট চালু হওয়ায় এই অঞ্চলের মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুতের সুবিধা ভোগ করতে পারবেন এবং লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমবে আসবে বলে আশা করা যায়।