রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হকাররা যেন দ্রুত বিকল্প স্থানে ব্যবসা শুরু করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসন বলছে, দ্রুত পুনর্বাসন নিশ্চিত করা গেলে হকারদের জীবিকা রক্ষা হওয়ার পাশাপাশি রাজধানীর সড়ক ব্যবস্থাপনাও আরও সুশৃঙ্খল হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন। তিনি বলেন, ‘উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন।’
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ কয়েকটি এলাকায় সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়ে কয়েক শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এতে জীবিকার সংকটে পড়েন বহু হকার।
বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য সরকার বিকল্প জায়গার ব্যবস্থা করবে। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে হকারদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।
এদিকে একই সভায় রাজধানীর যানজট নিরসনেও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে স্কুল ও কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে অতিরিক্ত চাপ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংকে যানজটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম, ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান, ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এবং ডিআইজি (ট্রাফিক) আনিছুর রহমান উপস্থিত ছিলেন।