বিআরটিএ সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (৬ মে) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বিআরটিএ সার্ভার ও স্টোরেজের মেইনটেন্যান্স কাজ করা হবে। এ কারণে এই সময় ফুয়েল পাসের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
এতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়। তারা বলছে, সেবা সচল রাখতে এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতেই এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে।
প্রসঙ্গত, দেশের জ্বালানি সরবরাহব্যবস্থা আরও স্বচ্ছ ও আধুনিক করতে সরকার কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সমন্বয়ে চালু হওয়া এই ব্যবস্থায় নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন তথ্য, চ্যাসিস ও ইঞ্জিন নম্বর, একটি সচল মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হয়। স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহারকারীরা fuelpass.gov.bd ওয়েবসাইট বা ‘Fuel Pass’ অ্যাপের মাধ্যমে সহজেই নিবন্ধন করতে পারবেন।